বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নির্মল মণ্ডল (৬০)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাজারে সবজি বিক্রি শেষে প্রতিদিনের মতো ট্রলারে করে বাড়ি ফিরছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি বালুবোঝাই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের একাংশ ভেঙে নিচে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলারের ওপর পড়ে যায়। ট্রলারেই ছিলেন নির্মল মণ্ডল, যিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবুর রহমান বলেন, “আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”
এদিকে, এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নদীপথে চলাচলকারী জাহাজগুলোর অসতর্কতা এবং অবকাঠামোর দুর্বলতাই এই দুর্ঘটনার জন্য দায়ী বলে তারা মনে করেন।
এলাকাবাসী দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ, দুর্ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

