গাজা সংকট নিয়ে আশার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। তার মতে, এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার পরই তিনি এমন আশাবাদী মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি যুদ্ধবিরতি এখন খুবই কাছাকাছি। আমি এমন কিছু লোকের সঙ্গে কথা বলেছি, যারা এর সঙ্গে সরাসরি জড়িত। আমি মনে করি, আগামী সপ্তাহের মধ্যেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।”
তবে তিনি কার সঙ্গে কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা নুর ওদেহ জানান, ট্রাম্পের এ মন্তব্য গাজার জনগণের জন্য আশাব্যঞ্জক হলেও বাস্তবতা এখনো কঠিন। তিনি বলেন, “এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক শান্তি আলোচনা চলছে না বলে জানা গেছে। যদিও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা কিছুটা বেড়েছে।”
তিনি আরও যোগ করেন, ইসরায়েল এখনো যুদ্ধ বন্ধে রাজি নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেন, তবে সেটি রাজনৈতিকভাবে তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিরতির আগে ইসরায়েলের কাছে স্পষ্ট দাবি জানিয়েছে—গাজার দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার নিশ্চয়তা দিতে হবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পথ যতই জটিল হোক না কেন, ট্রাম্পের মতো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষ থেকে এমন আশাবাদী মন্তব্য আন্তর্জাতিক চেষ্টাকে কিছুটা গতি দিতে পারে।

