সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এনবিআর অচলাবস্থা নিয়ে উদ্বেগে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা, শিগগির সংলাপের আহ্বান

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর চলমান অচলাবস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতারা। তাদের আশঙ্কা, এ ধরনের কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে, যা অর্থনীতির ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।
“জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান পরিস্থিতি এবং ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি” শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)।

তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা শুধু সরকারি রাজস্ব আদায়েই নয়, বরং পুরো অর্থনৈতিক প্রবাহেই মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই অবস্থার দ্রুত অবসান প্রয়োজন।”

ব্যবসায়ী নেতারা মনে করেন, সংকট নিরসনে আর বিলম্ব নয়—প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডাকে সঙ্গে নিয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা শুরু করা জরুরি।

সংবাদ সম্মেলনে বক্তারা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শর্তহীনভাবে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক কর্মস্থলে যোগদানের আহ্বান জানান। তারা বলেন, যৌক্তিক আলোচনা ও অংশগ্রহণমূলক সংস্কারের মধ্য দিয়েই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন:

  • আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান

  • বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান

  • বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল

  • বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

  • এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর

  • ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ

  • এমসিসিআই সভাপতি কামরান তানভীর রহমান

  • এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন

  • তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী

  • বিএফএলএলএফইএ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন

  • বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ

  • বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী

বক্তারা আরও বলেন, “আমরা সবাই চাই একটি স্বচ্ছ, দক্ষ ও দায়িত্বশীল এনবিআর। কিন্তু এর জন্য দেশকে জিম্মি করে ফেলা বা অর্থনীতিকে বিপন্ন করে ফেলা সমাধান হতে পারে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন