আট মাস কেটে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর। কিন্তু প্রতিশ্রুতি ও ঘোষণার পরও দেশের কোনো জেলাতেই এখনো শুরু হয়নি জেলা ফুটবল লিগ। অর্থ সংকট, সংগঠনগত অনীহা ও কেন্দ্রীয় সহায়তার অভাবকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২০২৪ সালের শেষ প্রান্তে দায়িত্ব নেওয়ার পর জেলা ভিত্তিক লিগকে ‘ঘাসের মাঠের প্রাণ’ হিসেবে উল্লেখ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জেলা লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন। তখনই জানানো হয়েছিল, ফেব্রুয়ারির মধ্যে ১০টি জেলায় লিগ শুরু হবে। কিন্তু আজও মাঠে গড়ায়নি কোনো খেলা।
বিভিন্ন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তারা বলছেন, বাফুফে মুখে প্রতিশ্রুতি দিলেও এখনো এক টাকাও অর্থ বরাদ্দ করেনি। ফলে লিগ আয়োজন সম্ভব হচ্ছে না।
নড়াইল ডিএফএ সভাপতি আশিকুর রহমান মিকু বলেন, “বারবার বাজেট পাঠিয়েছি। বলা হয়েছে টাকা দেবে, এখনো কিছুই পাইনি। আমি একা ৫-৬ লাখ টাকার খরচ বহন করতে পারি না।”
শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা—সব জেলার একই চিত্র। কারও প্রস্তুতি রয়েছে, কারও স্পন্সর আছে, কিন্তু কেন্দ্রীয় সহায়তা ছাড়া মাঠে নামার সাহস পাচ্ছে না তারা।
জেলা লিগ না শুরু হওয়ার বিষয়ে জানতে চাইলে বাফুফের জেলা লিগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, “দুইটা ঈদ গেছে, মাঠের সমস্যা ছিল। আবার কিছু জেলায় ডিএফএ কমিটি নিয়েও জটিলতা আছে। আমরা চাচ্ছি, শুরু করে যেন বন্ধ না হয়।”
তবে সমালোচকদের প্রশ্ন—আট মাসে কেবল মাঠ ও কমিটির অজুহাতে কি পুরো একটি মৌসুম পেরিয়ে যাবে?
বাফুফে বলছে, কিছু জেলা যেমন সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জে দ্বিতীয় বিভাগ লিগ শুরু হয়েছে। তবে প্রথম বিভাগ এখনো অধরাই।
মাঠে খেলা না গড়ানোয় খেলোয়াড়দের উন্নয়ন, ক্লাবগুলোর কার্যক্রম ও স্থানীয় উৎসাহ সবই থমকে গেছে। বিশ্লেষকরা বলছেন, বাফুফের এই উদাসীনতা ফুটবলের শিকড়েই আঘাত করছে।

