বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মুরাদনগরের ধর্ষণকাণ্ডে সরকারের কঠোর অবস্থান: দ্রুত বিচার আশ্বাস আইন উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার মুরাদনগরের আলোচিত নারী নির্যাতন ও ধর্ষণকাণ্ডের বিচার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন,

“মুরাদনগরের ঘটনায় দেশের প্রত্যেক নাগরিকের মতো আমরাও গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এটি শুধু একটি নারী নির্যাতনের ঘটনা নয়—এটি আমাদের সমাজ, আইন ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।”

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে এবং প্রধান অভিযুক্তসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় শুধু ধর্ষণ নয়, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান উপদেষ্টা।

“যারা ভিডিও ধারণ করেছে এবং তা ছড়িয়ে দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হয়েছে। সাইবার অপরাধ হলেও এটিও যৌন নিপীড়নেরই একটি রূপ,” — বলেন ড. নজরুল।

ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেন, ধর্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনে সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়।

“আপনারা মাগুরার ঘটনার বিচার দ্রুততম সময়ে হতে দেখেছেন। এই ঘটনাতেও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে,” — বলেন তিনি।

উপদেষ্টা সকল স্তরের মানুষকে এসব ঘটনার বিরুদ্ধে সামাজিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন,

“শুধু আইন প্রয়োগ নয়, পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাও সময়ের দাবি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন