বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন এক উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বী এক নারীর ওপর শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ওই এলাকায় ‘ক্ষমতার অপব্যবহার করে নিজস্ব স্বার্থসিদ্ধিতে লিপ্ত’ রয়েছেন।

রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন,

“মুরাদনগরের একজন উপদেষ্টার ছত্রছায়ায় দুর্বৃত্তরা সমাজবিরোধী কাজে জড়াচ্ছেন। তিনি জনসেবা নয়, বরং আত্মসেবায় মনোযোগী হয়ে উঠেছেন। ক্ষমতার অপব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন তিনি।”

বিবৃতিতে তিনি মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক সংখ্যালঘু নারীর ওপর ‘বর্বরোচিত হামলার’ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এটিকে একটি ‘অমানবিক ও মনুষ্যত্বহীন’ ঘটনা বলে আখ্যা দেন।

তিনি আরও দাবি করেন,

“এই জঘন্য ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।”

বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী,

“শেখ হাসিনার পতনের পরও এখনো পুরোনো স্বৈরাচারী কৌশল চালু রয়েছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল, নির্যাতনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ধ্বংস করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে।”

তিনি বলেন,

“যেকোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ধরনের পাষণ্ড ও দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না—সে মানবতা ও সভ্যতার শত্রু।”

এদিকে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন