বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“আলোচনার সময় হামলা চলবে না”—যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান

ডেস্ক রিপোর্ট।।

যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংলাপে ফিরতে চায়, তাহলে আলোচনার সময় কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো যাবে না— এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি। সোমবার (৩০ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আলোচনার নামে যুদ্ধের প্রস্তুতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

রাভাঞ্চি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের সঙ্গে সংলাপে ফিরতে চায়, অন্যদিকে ইসরায়েলের সামরিক অভিযান ও মার্কিন হামলা চলমান রেখেছে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা জানতে চাই— সংলাপ চলাকালীন কি আবার আগ্রাসন চলবে?”

ইরান অভিযোগ করেছে, গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “এই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।”

এই ঘটনায় ষষ্ঠ দফা পরোক্ষ আলোচনা, যা ওমানে হওয়ার কথা ছিল, তা ভেস্তে গেছে বলে জানিয়েছে তেহরান।

সাক্ষাৎকারে রাভাঞ্চি বলেন, “আমরা শান্তিপূর্ণ গবেষণা ও জ্বালানির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করি। আমাদের লক্ষ্য কখনোই পারমাণবিক অস্ত্র নয়।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানকে নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি সতর্ক করেন, “সমৃদ্ধকরণ বন্ধ না করলে বোমা ফেলব— এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আলোচনার টেবিলে থাকলে সবারই সম্মান রাখতে হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন