আগামী ১০ জুলাই থেকে গায়ানায় শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারের আসরেও শিরোপা রক্ষার লড়াইয়ে নামছে। তবে এবার তাদের প্রধান কোচ মিকি আর্থার সরাসরি ভেন্যুতে উপস্থিত থাকছেন না।
দল পরিচালনার দায়িত্ব পুরোপুরি সামলাবেন ইংল্যান্ডের ডার্বিশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচ গ্রেগ স্মিথ। মিকি আর্থার ইংল্যান্ডে থেকেই অনলাইনে দলের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানান রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।
শানিয়ান তানিম বলেন, “আমাদের কোচ মিকি আর্থার বর্তমানে ডার্বিশায়ারের দায়িত্বে ব্যস্ত থাকায় তিনি গায়ানায় আসতে পারছেন না। তাই আমরা গ্রেগ স্মিথকে প্রধান কোচ নিয়োগ দিয়েছি। গ্রেগ মিকির নির্দেশনা অনুযায়ী দলের পরিচালনা করবেন।”
রংপুর রাইডার্সের অধিনায়ক থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। গত আসরের বেশ কয়েকজন খেলোয়াড় এবারের স্কোয়াডেও রয়েছে, যেমন—সৌম্য সরকার, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি ও হারমিত সিং। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন কাইল মায়ার্স, তেবরিয়াজ শামসি, ইফতিখার আহমেদ এবং ইব্রাহিম জাদরান।
রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।

