সরকারি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন পোস্ট বা মন্তব্য করলে তা চাকরিবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে — এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রোববার (২৯ জুন) দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৩০ জুন) তা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন বটে, তবে সরকার নির্ধারিত নীতিমালার আওতায়। কারো পোস্ট, মন্তব্য বা শেয়ার যদি রাষ্ট্র, সরকার, নীতি, ধর্ম, প্রতিষ্ঠান বা অন্য কারো বিরুদ্ধে উসকানিমূলক হয়, তবে তা “সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮”-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
মাউশি বলছে, এই নির্দেশনা এসেছে:
-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারির প্রজ্ঞাপন
-
মাউশির ২০২০ সালের ২২ অক্টোবরের নির্দেশনা
-
এবং সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ অনুসারে।
সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিভাগীয় দপ্তরপ্রধানদের বলা হয়েছে, নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নজরদারি নিশ্চিত করতে হবে।

