বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে আওয়ামী লীগের ভারতে অবস্থানরত সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এক ভিডিও বার্তাকে কেন্দ্র করে। ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে তিনি নির্বাচন নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
দীর্ঘ সময় প্রকাশ্যে না দেখা দিলেও ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।” তিনি আরও দাবি করেন, “বর্তমান বিরোধী জোট সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে।”
ভিডিওতে কাদের বলেন, “বাংলাদেশে অর্ধেকের বেশি ভোটার আওয়ামী লীগের সমর্থক। সেই দলকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়, আমরাও হতে দেব না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত মত হিসেবে দেখলেও, অনেকে এটিকে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
উল্লেখ্য, গত বছর রাজনৈতিক অস্থিরতার পর ওবায়দুল কাদের দেশে না থেকে ভারতে অবস্থান করছেন বলে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে তিনি নিজে সরাসরি তার অবস্থান নিশ্চিত করেননি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

