সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় দলের কোচ ক্যাবরেরাকে ঘিরে গ্যালারিতে বিতর্ক, ‘সিন্ডিকেট’ ইস্যুতে দর্শকদের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রবাসী ফুটবলার ট্রায়ালের শেষ দিনটি রঙ হারাল দর্শকদের ক্ষোভে। ম্যাচ শেষে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে লক্ষ্য করে গ্যালারি থেকে উঠে আসে তীব্র প্রতিবাদ ও স্লোগান, যা তাকে বিব্রত অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য করে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত দুই গ্রুপের ম্যাচ শেষে ক্যাবরেরা যখন মাঠ ছাড়ছিলেন, তখন গ্যালারিতে থাকা শত শত দর্শক স্লোগান দিতে শুরু করেন:
“ভুয়া-ভুয়া, ক্যাবরেরা ভুয়া”, “সিন্ডিকেটের ঠাঁই নাই”, “দলে দলে খবর দে, সিন্ডিকেটের কবর দে”—এমন নানা প্রতিবাদী কণ্ঠে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম।

এই ঘটনার সময় উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক, যাদের মধ্যে ছিলেন ট্রায়াল দিতে আসা খেলোয়াড়দের পরিবার-পরিজন, ফুটবলপ্রেমী সাধারণ দর্শক, এমনকি সাবেক ক্রীড়া সংগঠকরাও।

দর্শকদের এই ক্ষোভ হঠাৎ তৈরি হয়নি। ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলামকে সৌদি ক্যাম্প থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। অনেকের দাবি, এটি ছিল কোচ ক্যাবরেরার ‘একচেটিয়া সিন্ডিকেট সিদ্ধান্ত’—যা তরুণ প্রবাসী খেলোয়াড়দের প্রতি অবিচার। এই বিষয়ে ক্রীড়া প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপও প্রয়োজন হয়।

দর্শকদের প্রতিবাদের সময় জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পক্ষে সমর্থন জানিয়ে স্লোগান দিতে দেখা গেছে অনেককে। ক্যাবরেরার অধীনে দলের সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ায় তাঁর কৌশল নিয়ে সমালোচনার ঝড় ওঠে ফুটবল মহলে।

সিঙ্গাপুর ম্যাচের পরদিন দেশে ফিরে তিন দিনের ট্রায়াল পর্যবেক্ষণ করতে মাঠে আসেন কোচ ক্যাবরেরা। প্রথম দুই দিন কার্যক্রম স্বাভাবিক থাকলেও শেষ দিনে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। ট্রায়ালের মতো একটি সম্ভাবনাময় উদ্যোগে এমন বিতর্ক জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন