কুড়িগ্রামের চিলমারীতে একটি পুরনো কড়ই গাছের গুঁড়ির ভেতর থেকে রহস্যজনকভাবে আগুন জ্বলতে দেখা গেছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিস, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “সকালবেলা দেখি গাছটার ভিতর থেকে ধোঁয়া উঠছে। পরে আগুনও দেখি। কেউ আগুন লাগিয়েছে কি না, বুঝতে পারছি না।”
এদিকে ৬০ বছর বয়সী স্থানীয় আলামিন বলেন, “জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু গাছের ভেতরে এমন আগুন আগে কখনো দেখিনি।”
ঘটনাস্থলে ভিড় করেছেন শত শত মানুষ। কেউ বলছেন এটি প্রাকৃতিক ঘটনা, কেউবা অলৌকিক শক্তির প্রভাব বলেও মনে করছেন।
চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফারুক হোসেন জানান, “আমরা সকালেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু ভেতরের আগুন নেভানো সম্ভব হয়নি। বারবার চেষ্টা করেও কাজ হয়নি।”
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জায়গায় রয়েছে। বন বিভাগ ও রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।”
বিভিন্ন সময়ে এমন ঘটনা দেশে-বিদেশে দেখা গেছে। পচন ধরা গাছের ভেতরে জমে থাকা গ্যাস বা শুকনো পাতার দাহ্য উপাদান থেকে হঠাৎ করে আগুন ধরতে পারে। আবার বিদ্যুতের স্পার্ক থেকেও এমন অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।

