পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার একাধিক সরকারি স্থাপনায় চালানো সন্ত্রাসী হামলায় এক কিশোর নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। মাস্তুং জেলায় এ হামলার ঘটনায় পাকিস্তান সরকার ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’দের দায়ী করেছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, সন্ত্রাসীরা তহসিল অফিস, একটি ব্যাংকসহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে হামলা চালায়। গোলাগুলিতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়, আহত হন আরও সাতজন।
প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে দুই হামলাকারীকে হত্যা করেছে এবং তিনজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে জানান মুখপাত্র।
ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (FC), কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (CTD) ও লেভিস বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে হামলাকারীদের ঘিরে ফেলে। বর্তমানে অঞ্চলটিতে অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক অপারেশনের মাধ্যমে পাকিস্তানের ভেতরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি আইএসপিআর দাবি করেছে, ভারতের একজন সামরিক কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে।
‘গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫’-এর তথ্যমতে, পাকিস্তান এখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস-আক্রান্ত দেশ। গত এক বছরে দেশটিতে সন্ত্রাসী হামলায় প্রাণহানি বেড়ে ১,০৮১ জনে পৌঁছেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

