সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অবসানের পথে এক অধ্যায়: ১৮ বছর পর ‘পঞ্চপাণ্ডব’কে ছাড়া ওয়ানডে খেলবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিনের এক অধ্যায় যেন শেষ হতে চলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেই সেই পাঁচ চেনা মুখ — মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। ক্রিকেটবিশ্বে ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিত এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া এবারই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ।

২০০৭ সালে মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকে প্রতি ওয়ানডে সিরিজেই অন্তত একজন পঞ্চপাণ্ডব সদস্য দলে ছিলেন। তবে এই শ্রীলঙ্কা সফরে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামবে একদল তরুণ মুখ।

অভিষেক ও অবদান

  1. মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে।

  2. সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম একসঙ্গে অভিষেক নেন ২০০৬ সালে।

  3. তামিম ইকবাল দলে আসেন ২০০৭ সালের শুরুতে।

  4. আর মাহমুদউল্লাহ খেলতে শুরু করেন ওই বছরের মাঝামাঝি।

এই পাঁচজনের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বমঞ্চে দৃঢ় অবস্থান তৈরি করে। বিশ্বকাপে নকআউট পর্বে খেলা থেকে শুরু করে বড় দলগুলোর বিপক্ষে জয়ের ইতিহাসে রয়েছে তাঁদের অবদান।

বাংলাদেশ এবার শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে, যেখানে এখন পর্যন্ত কোনো সিরিজ জয়ের রেকর্ড নেই। তবে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, নবীনদের নিয়েই এবার গড়া হয়েছে প্রতিশ্রুতিশীল এক দল। তাই এই সিরিজ হতে পারে একটি নতুন অধ্যায়ের সূচনা।

প্রথমবারের মতো পূর্ণকালীন ওয়ানডে নেতৃত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে তরুণদের নিয়ে দল কতটা ভালো করে, সেটা নির্ধারণ করবে ভবিষ্যতের অনেক কিছুই।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন