বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে”: খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, “জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।” রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

গণতন্ত্র রক্ষা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন করতে হবে। বীর শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব।”

তিনি আরও বলেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে। এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে।”

“গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন। তিনি গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবি জানান।

তিনি বলেন, “আমরা চাই, যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের তালিকা তৈরি হোক। ন্যায়বিচারের মাধ্যমে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজনে “জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়, যেখানে গণআন্দোলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন