ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) ভোরে বিজিবি সদস্যরা সীমান্ত টহলের সময় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতের দিক থেকে মোবাইল ফোনের ডিসপ্লে ভর্তি কার্টন ও কয়েকটি গরু বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালামাল ও গবাদিপশু জব্দ করে।
৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান,
“জব্দ করা ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা। এগুলোর মধ্যে রয়েছে মোবাইল ডিসপ্লে ও কয়েকটি ভারতীয় গরু। উদ্ধারকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
“আমরা সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বজায় রেখেছি,” — বলেন তিনি।
ফেনীর সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই চোরাচালান প্রবণ এলাকায় পরিণত হয়েছে। বিজিবির নিয়মিত অভিযান সত্ত্বেও বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ বিদেশি পণ্য ও গবাদিপশু দেশে প্রবেশের চেষ্টা করা হয়।

