বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সংস্কার প্রশ্নে অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে বিএনপি, সংবাদ সম্মেলনের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট।।

রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপিকে ঘিরে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও মহলের বিভ্রান্তিকর প্রচারের প্রেক্ষাপটে দলের অবস্থান স্পষ্ট করতে উদ্যোগী হয়েছে দলটি। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনের বক্তব্য তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে।

গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপির নেতারা জানান, দলটি শুরু থেকেই রাজনৈতিক সংস্কার প্রশ্নে আন্তরিক অবস্থান নিয়েছে। ২০২২ সালে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা প্রস্তাবনা দিয়েছিল বিএনপি, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো সংস্কারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়।

তবে সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে প্রচার চালানো হচ্ছে বলে মনে করছে দলটি। নেতারা বলছেন, এই প্রচারণা উদ্দেশ্যমূলক এবং জনগণের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই-আগস্ট: গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভার্চুয়ালি যুক্ত থাকা তারেক রহমান।

তবে উদ্বোধনী আয়োজনে শুরুতে দলের স্থায়ী কমিটির অনেক সদস্যকে দাওয়াত না দেওয়ায় অসন্তোষ তৈরি হয়। পরে স্থায়ী কমিটির নির্দেশে উদযাপন কমিটিকে কার্ড ছাপিয়ে সবার জন্য দাওয়াত নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন