বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খুনিরা পালিয়েছে, কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি : রেজাউল

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,

“বাংলাদেশ এখনো চাঁদাবাজি, লুটপাট, অপসংস্কৃতি ও জুলুম থেকে মুক্ত হয়নি। ফ্যাসিবাদ পালিয়েছে, খুনিরা পালিয়েছে, কিন্তু ন্যায়ের সমাজ এখনো গড়ে ওঠেনি।”

বুধবার (২ জুলাই) লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় এক খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন,

“আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে—তাদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদের পরিবার আমাদের কাছে কিছু চায় না, তারা শুধু ইনসাফ চায়, ন্যায়ের সমাজ দেখতে চায়।”

তিনি আরও বলেন,

“শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে যদি আবার জুলুম, চাঁদাবাজি, ফ্যাসিবাদী রাজনীতি হয়—তা মেনে নেওয়া যায় না। এখনই সময় ছাত্র-জনতার রক্তের প্রতি শ্রদ্ধা রেখে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসার।”

আলোচনা সভা ও খাদ্য বিতরণে আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম এবং সেক্রেটারি হারুনুর রশিদসহ স্থানীয় নেতারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন