দেশে আবারও কমানো হয়েছে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর মূল্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য নতুন এ মূল্য নির্ধারণ করেছে।
বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা পূর্ববর্তী মাসের তুলনায় ৩৯ টাকা কম।
গত জুন মাসেও দাম কমানো হয়েছিল ২৮ টাকা। ফলে টানা দুই মাসে মোট ৬৭ টাকা কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম।
বিইআরসি জানায়, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকোর ঘোষণা অনুযায়ী প্রতি মাসে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়। যেহেতু দেশের প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানিনির্ভর, তাই আন্তর্জাতিক বাজার মূল্যের ওঠানামার ওপর ভিত্তি করেই দেশীয় দাম নির্ধারিত হয়।
২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি যে কমিশন কাঠামো নির্ধারণ করে দিয়েছিল, সেটি এখনো বহাল রয়েছে। ১২ কেজি সিলিন্ডারের বিপরীতে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতারা মোট ৩৫৯.৪০ টাকা কমিশন পেয়ে থাকেন।

