মোটরসাইকেল আমদানিতে জালিয়াতি ও কাগজপত্রে কারসাজি রোধে সারা দেশের বিআরটিএ সার্কেল অফিসগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এখন থেকে সদর দপ্তরের পূর্বানুমোদন ছাড়া কোনো আমদানিকৃত মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না।
৩০ জুন বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় এই আদেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, কিছু অসাধু আমদানিকারক নকড-ডাউন (CKD বা SKD) অবস্থায় মোটরসাইকেল আমদানি করে তা পূর্ণাঙ্গ (CBU) ইউনিট হিসেবে দেখিয়ে রেজিস্ট্রেশন নিচ্ছে। আবার ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলকে কম সিসির বলে ঘোষণা দিয়ে কাস্টমস ও বিআরটিএর চোখ এড়িয়ে রেজিস্ট্রেশনের অপচেষ্টা চালানো হচ্ছে।
এ ধরনের প্রতারণা ঠেকাতে ৩১ জুলাই ২০২৫ থেকে বিআরটিএ সদর দপ্তরের অনুমোদিত চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা ছাড়া কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে না বলে নির্দেশে জানানো হয়।
বিআরটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমদানিকৃত মোটরসাইকেল নিয়ে অনিয়ম দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগের বিষয় ছিল। এবার আমরা কেন্দ্রীয় ডেটাবেইস ব্যবহার করে যাচাই ছাড়া রেজিস্ট্রেশন একেবারে বন্ধ করে দিচ্ছি।”
সার্কেল অফিসগুলোকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যানের চূড়ান্ত অনুমোদনও রয়েছে বলে নিশ্চিত করা হয়।

