আজকের প্রযুক্তিনির্ভর জীবনে ল্যাপটপ ব্যবহার এখন নিত্যদিনের অংশ। ঘরে, অফিসে বা ভ্রমণে—সব জায়গাতেই এই ডিভাইসের চাহিদা তুঙ্গে। তবে একটি প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খায়: ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করা কি ক্ষতিকর?
অনেকেই মোবাইলের ক্ষেত্রে শুনে থাকেন, চার্জিংয়ের সময় ব্যবহার ঝুঁকিপূর্ণ। কিন্তু ল্যাপটপ কি একই নিয়মে পড়ে?
বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এতটা সরল নয়।
চার্জিং অবস্থায় ল্যাপটপে ভারী কাজ—যেমন ভিডিও এডিটিং, গেমিং বা কোডিং করলে ব্যাটারি ও প্রসেসর প্রচণ্ড গরম হতে পারে। অতিরিক্ত গরমের ফলে ব্যাটারির স্বাস্থ্য ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যদি নিয়মিতভাবে ল্যাপটপ চার্জে লাগানো অবস্থায় হাই-লোড দেওয়া হয়।
তবে চিন্তার কিছু নেই। এখনকার অধিকাংশ ল্যাপটপে রয়েছে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যাপটপ যখন ১০০ শতাংশ চার্জ হয়ে যায়, তখন এটি অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেয় এবং সরাসরি পাওয়ার অ্যাডাপ্টার থেকে চালিত হয়। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে না।
প্রসিদ্ধ ল্যাপটপ নির্মাতা ASUS তাদের ব্লগে জানিয়েছে, ল্যাপটপ সবসময় চার্জে রাখলে ব্যাটারির সক্ষমতা কিছুটা কমতে পারে, তবে তা ভয়াবহ নয়। নিয়মিত ব্যবহারের মাধ্যমে ব্যাটারির আয়ু নির্ভর করে চার্জিং-ডিসচার্জিং সাইকেলের ওপর।
কী করবেন, কী করবেন না
-
ব্যাটারি একেবারে ০% হওয়া এড়াতে চেষ্টা করুন
-
চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্ত গরম হলে বিরতি দিন
-
হেভি টাস্কিংয়ে কুলিং প্যাড ব্যবহার করুন
-
প্রয়োজনে ব্যাটারি রক্ষায় ‘ব্যাটারি কেয়ার’ বা ‘পাওয়ার ম্যানেজমেন্ট’ সফটওয়্যার ব্যবহার করুন
চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার করা কোনো ভয়াবহ সমস্যা নয়, তবে নিয়ম মানলে ব্যাটারির আয়ু অনেকটাই বাড়ানো সম্ভব। তাপমাত্রা নিয়ন্ত্রণ করাই এখানে মূল চাবিকাঠি।

