জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির একটি অংশ হিসেবে ১৮ জুলাই প্রতীকী ১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউটের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্যান্য কর্মসূচি আগের মতোই বহাল থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
ফারুকী লিখেছেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের দ্বিধা ছিল শুরু থেকেই। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ নিয়ে আমাদের দলে ভিন্নমত ছিল। আলোচনা-সমালোচনার পর বিষয়টি কর্মসূচিতে ঢুকলেও, পরে আমরা এটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “বড় কর্মসূচি আর বড় টিমে এধরনের সিদ্ধান্তে ওঠানামা থাকতেই পারে। আমরা কৃতজ্ঞ সবাইকে—যারা মতামত দিয়ে আমাদের চোখ খুলে দিয়েছেন।”
প্রসঙ্গত, গতকাল (বুধবার) রাতে প্রধান উপদেষ্টার (Chief Adviser, GIOB) অফিসিয়াল ফেসবুক পেজে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার যে সূচি প্রকাশ করা হয়েছিল, তাতে ১৮ জুলাই ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের উল্লেখ ছিল।
শেষমেশ সংশোধিত কর্মসূচি থেকে এটি বাদ দেওয়া হলেও, অন্যান্য আয়োজন—যেমন ‘লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার’ স্লোগানের আওতায় নানা অনুষ্ঠান—পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

