সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মায়ের মরদেহ বাড়িতে, পরীক্ষাকেন্দ্রে হাজির দুই এইচএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট।।

একদিকে বাড়িতে চলছে মায়ের দাফনের প্রস্তুতি, অন্যদিকে অশ্রুসিক্ত চোখে পরীক্ষাকেন্দ্রে হাজির দুই এইচএসসি পরীক্ষার্থী। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঘটে যাওয়া এ ঘটনা নাড়া দিয়েছে অনেককেই।

বৃহস্পতিবার (৩ জুলাই) এইচএসসি পরীক্ষার দিনে সকালেই কেন্দ্রে আসে উপজেলার হতেয়া গ্রামের সায়মা আক্তার এবং কচুয়া পশ্চিমপাড়ার লাবনী আক্তার। দুই শিক্ষার্থীর মা গত রাতে মারা যান। মায়ের মৃত্যু সংবাদ শোনার পরও পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়।

সায়মার মা শিল্পী আক্তার (৪০) কিডনি রোগে ভুগে রাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান। অন্যদিকে লাবনীর মা সফিরন (৪৫) মারা যান রাত সাড়ে ৯টায়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দুই শিক্ষার্থীই সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়। শিক্ষকদের সহযোগিতায় তারা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরে মায়ের জানাজা ও দাফনে অংশ নেয়।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, “সায়মা একজন মেধাবী শিক্ষার্থী। এতো বড় শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নেওয়া সহজ নয়। তার এই মানসিক শক্তি সত্যিই অনুকরণীয়।”

একইভাবে লাবনীর কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন বলেন, “এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শিক্ষার্থীদের আত্মত্যাগ কতটা গভীর হতে পারে।”

সখীপুরের এই ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য অনেকেই তাদের প্রশংসা করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন