সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পর্তুগিজ ফুটবল তারকার

ডেস্ক রিপোর্ট।।

ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোটা। স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলের কাছে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জোটার সঙ্গে প্রাণ হারিয়েছেন তার ভাই আন্দ্রে সিলভা, যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগ ক্লাব পেনাফিয়েলের ফুটবলার ছিলেন।

দুর্ঘটনার মাত্র ১০ দিন আগে জোটা বিয়ে করেছিলেন প্রেমিকা রুতে কারদোসোকে। ব্যক্তিজীবনের এক আনন্দঘন অধ্যায় শুরুর পরই মৃত্যু তাকে ছিনিয়ে নিলো সবকিছু থেকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, দুই ভাই স্পেনে পারিবারিক সফরে ছিলেন। হঠাৎ করেই তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুন আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়লে দমকল বাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

ইংলিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানায়, কাস্তিয়া ও লেওন অঞ্চলের জরুরি পরিষেবা বিভাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা এক বিবৃতিতে বলেন,

“দিয়োগো জোটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দিয়োগো ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়, একই সঙ্গে একজন অনন্য মানুষ। তাদের শূন্যতা অপূরণীয়।”

তিনি আরও বলেন,

“পর্তুগিজ ফুটবল দুইজন চ্যাম্পিয়নকে হারাল। আমরা তাদের স্মৃতিকে প্রতিদিন সম্মান জানাবো।”

ইতিমধ্যেই লিভারপুল, পেনাফিয়েল, পর্তুগাল জাতীয় দলসহ নানা ক্লাব ও সংস্থা জোটা ও তার ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছেন।

দিয়োগো জোটা, ২৮ বছর বয়সে চলে গেলেন। খেলার মাঠে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আজ কেবল একজন খেলোয়াড় নয়, হারিয়ে গেল এক স্বপ্ন, এক ভবিষ্যৎ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন