বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হোয়াইট হাউস থেকে জাকারবার্গকে বের করে দেওয়ার গুঞ্জন, ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মেটা প্রধান মার্ক জাকারবার্গকে ওভাল অফিস থেকে বের করে দেওয়া হয়—এমন প্রতিবেদন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে প্রযুক্তি ও ব্যবসায়ী মহল। যদিও এই দাবি সরাসরি অস্বীকার করেছে হোয়াইট হাউস।

‘দ্য নিউইয়র্ক পোস্ট’ ও ‘এনবিসি নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে ছিলেন। এ সময় মার্ক জাকারবার্গ অপ্রত্যাশিতভাবে ওভাল অফিসে প্রবেশ করেন, যার ফলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাইরে অপেক্ষা করতে বলেন।

অজ্ঞাতনামা দুই সূত্রের বরাত দিয়ে বলা হয়, জাকারবার্গের উপস্থিতি বৈঠকের প্রোটোকল অনুসারে ছিল না এবং তার নিরাপত্তা ছাড়পত্র নিয়েও সংশয় ছিল।

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তার ভাষায়—

“মার্ক জাকারবার্গকে কাউকে সরাসরি ‘বেরিয়ে যেতে’ বলা হয়নি। তিনি প্রেসিডেন্টের আমন্ত্রণে শুধু ‘হ্যালো’ বলতেই এসেছিলেন। বৈঠক চলাকালীন নতুন আরেকটি বৈঠক শুরু হওয়ার কারণে তাকে অপেক্ষা করতে হতো, তাই তিনি নিজেই চলে যান।”

ঘটনা নিয়ে মেটার (Meta) পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংবাদিকদের প্রশ্নে প্রতিষ্ঠানটি ‘মন্তব্য করতে অস্বীকৃতি’ জানিয়েছে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার সঙ্গে এমন আচরণ নিয়ে প্রযুক্তি জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রযুক্তি খাতের প্রতি ‘শীতল বার্তা’, আবার অনেকে এটাকে বাড়িয়ে বলার চেষ্টা হিসেবেও দেখছেন।

মার্ক জাকারবার্গ এর আগেও ট্রাম্প প্রশাসনের নানা নীতির সমালোচনায় মুখর হয়েছিলেন। অন্যদিকে ট্রাম্পও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপে নানা পদক্ষেপ নিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন