পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয়ের কারণে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তার নতুন ছবি ‘সর্দারজি ৩’-এর মুক্তি ঘিরে ভারতজুড়ে সমালোচনা শুরু হয়। এমনকি দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিজেপি-ঘনিষ্ঠ চলচ্চিত্র সংগঠন ‘চিত্রপট কামগর অঘোরী’ দিলজিতকে বয়কটের দাবি তোলে।
গুঞ্জন ওঠে, দেশাত্মবোধক চলচ্চিত্র ‘বর্ডার ২’ থেকেও বাদ দেওয়া হয়েছে দিলজিৎকে। তবে এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন দিলজিৎ দোসাঞ্জ—কথায় নয়, কাজে।
সম্প্রতি দিলজিৎ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে দেখা যায় ‘বর্ডার ২’-এর সেটে সেনা কর্মকর্তার পোশাকে শুটিংয়ে অংশ নিতে। মাথায় পাগড়ি পরিহিত দিলজিৎকে দেখা যায় মন দিয়ে চিত্রনাট্য পড়তে এবং ইউনিটের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘সন্দেশে আতে হ্যায়’, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
দিলজিতের এই ভিডিও যেন তার বিরুদ্ধে চলমান সমালোচনার একমাত্র জবাব। বোঝাতে চাইলেন—তিনি সিনেমাটি থেকে বাদ পড়েননি, বরং দৃপ্ত পদক্ষেপেই এগিয়ে চলেছেন।
জেপি দত্তার কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’-তে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন বরুণ ধাওয়ান, সানি দেওল এবং অহন শেট্টির মতো তারকারা। ছবিটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০২৪ সালে কনসার্ট নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক হয়েছিল, তখনও দিলজিৎ নিজের অবস্থান থেকে এক চুল সরেননি। এবারও একইভাবে, নিরব ও শালীনভাবে কাজের মধ্য দিয়েই জবাব দিলেন।
এই ঘটনা আবারও প্রমাণ করল—দিলজিৎ দোসাঞ্জ বিতর্ক নয়, দর্শকদের ভালোবাসায় বিশ্বাস করেন।

