রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

“তাণ্ডব আমার স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে”:সাবিলা নূর

ডেস্ক রিপোর্ট।।

ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর এবার বড় পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। ‘তাণ্ডব’ নামের এই চলচ্চিত্র দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে তার। শুরুতেই দেশের অন্যতম জনপ্রিয় নায়কের সঙ্গে অভিনয় – এমন সুযোগকে স্বপ্নপূরণের মতোই দেখছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানান, “ছোট পর্দায় এখন আর আগের মতো নিয়মিত কাজ করছি না। কারণ, এখন কন্টেন্ট বাছাই করে কাজ করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, একজন শিল্পীর বিকাশের জন্য কাজের মান খুবই গুরুত্বপূর্ণ।”

সাবিলা বলেন, “তাণ্ডব একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে দিয়েছে। আমার কাছে এখন মনে হচ্ছে, এই মানদণ্ড ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর চেয়ে কম কিছু করতে চাই না।”

প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে অভিনয় করতে পারাকে তিনি নিজের জন্য ‘বিশেষ সৌভাগ্য’ বলে মনে করেন। সাবিলার ভাষায়, “শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি খুব সহযোগিতাপরায়ণ সহ-অভিনেতা।”

ছোট পর্দায় আর দেখা যাবে কি না – এমন প্রশ্নের জবাবে সাবিলা বলেন, “ভালো কন্টেন্ট থাকলে অবশ্যই করব। মাধ্যম আমার কাছে বড় নয়, কাজটা ভালো হলেই আমি রাজি।”

প্রসঙ্গত, সাবিলা নূর দীর্ঘ এক যুগ ধরে ছোট পর্দায় কাজ করে আসছেন। ‘তাণ্ডব’ তার ক্যারিয়ারে নতুন এক বাঁক তৈরি করবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন ভক্তরাও।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন