রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাবেক এমপি শম্ভুর কোটি টাকার সম্পদ জব্দ, তদন্তে দুদক

ডেস্ক রিপোর্ট।।

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। আদালতের আদেশে তার নামে থাকা ৩৩ বিঘা জমি, ঢাকার উত্তরা এলাকায় একটি ফ্ল্যাট, দুটি গাড়ি, সঞ্চয়পত্র ও এফডিআরসহ ১৬টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ সংক্রান্ত আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক খাইরুল ইসলাম আদালতে এ আবেদন করেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এই বিপুল পরিমাণ অর্থের হস্তান্তর বা বেহাতের আশঙ্কায় তাৎক্ষণিক জব্দের প্রয়োজন দেখা দেয়। দুদকের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত জব্দ করা সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকা এবং অবরুদ্ধ সম্পদের পরিমাণ ১০ কোটির বেশি।

সাবেক এই সংসদ সদস্য বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর ঢাকার নিউমার্কেট এলাকায় ‘জুলাই আন্দোলন’ চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

দুদক বলছে, তদন্ত প্রক্রিয়ায় এ ধরনের পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ সন্দেহভাজন ব্যক্তিরা অনেক সময় বিচার কার্যক্রম শুরুর আগেই সম্পদ লুকাতে বা অন্যের নামে হস্তান্তর করতে পারেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন