রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নুরুল হক নুরসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ১০৫ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। এর আগে থানায় অভিযোগ দিলেও তা গ্রহণ না করায় জাপা আদালতের শরণাপন্ন হয়।

জানা গেছে, ৩১ মে বিকেলে বরিশাল শহরের ফকিরবাড়ি রোডে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে রাত ৯টার দিকে পাল্টা প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জাপার জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।

ঘটনার পর জাপা থানায় মামলা দিতে গেলে কোতোয়ালি মডেল থানা তা গ্রহণ করেনি। এরপর জাপার পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়।

জাপা বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল জানান, মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন—

  • গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর

  • যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান

  • বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা

  • সাধারণ সম্পাদক এইচ এম হাসান

  • মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন

এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন,

“আদালতের কোনো কাগজ এখনও হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে, যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন,

“এমন কোনো মামলার বিষয়ে আমরা অবগত নই। তবে মামলা হয়ে থাকলে আইনগতভাবে মোকাবিলা করা হবে।”

উল্লেখ্য, ঘটনার জবাবে গণঅধিকার পরিষদের এক নেতা জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন