ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা’ বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।
তিনি বলেন, ইসরায়েল গাজায় যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করেছে, তার শক্তি হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ছয়গুণ বেশি।
বৃহস্পতিবার (৩ জুলাই) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উপস্থাপিত একটি বিশ্লেষণী প্রতিবেদনে আলবানিজ জানান, গাজায় ইসরায়েল ৮৫ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে। তাঁর ভাষায়, “এই হামলার মাধ্যমে একটি সুপরিকল্পিত গণবিধ্বংসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো এতে রেকর্ড মুনাফা অর্জন করেছে, আর ইসরায়েল এই বোমা বর্ষণে নেতৃত্ব দিয়েছে।”
আলবানিজ আরও অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তত্ত্বাবধানে পরিচালিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ প্রকৃতপক্ষে একটি ‘মৃত্যুফাঁদ’। ক্ষুধার্ত ও দুর্বল জনগণকে ত্রাণের আশায় একত্র করে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলেও জানান তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১১৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৫৮১ জন।
নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্রে যাচ্ছিলেন এমন ১২ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলা চলাকালে এখন পর্যন্ত ৫৭,১৩০ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৪,৫৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার সংস্থাগুলো।

