সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বিশিষ্ট প্রশাসক এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যার আগমনের পর জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হন এবং দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে অবসরে যাওয়ার পূর্বে তিনি পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও) ছিলেন।
২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। তাঁকে একজন দক্ষ, সৎ ও দূরদর্শী প্রশাসক হিসেবে স্মরণ করছে দেশবাসী।

