বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ক্যালিফোর্নিয়ায় দাবানল ভয়াবহ রূপ নিয়েছে, জ্বলছে ৭০ হাজার একরের বেশি এলাকা

ডেস্ক রিপোর্ট।।

ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া এক বিশাল দাবানল ‘মাদ্রে ফায়ার’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইতোমধ্যে এই আগুনে পুড়ে গেছে প্রায় ৭০,৮০০ একর এলাকা, যা এটিকে চলতি বছরে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত করেছে।

দাবানলটি বুধবার শুরু হয় এবং এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে ৬০০-র বেশি কর্মী এবং ৪০টিরও বেশি ফায়ার ইঞ্জিন। নিরাপত্তার স্বার্থে দুই শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি রয়েছে মারাত্মক ঝুঁকির মুখে।

বিশেষজ্ঞদের মতে, এবারের গ্রীষ্মে আগুন ছড়ানোর ঝুঁকি ছিলই। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত শীত ও বসন্তে অস্বাভাবিক শুষ্ক আবহাওয়া দেখা গেছে, ফলে গাছপালা ও আগাছা শুকিয়ে গিয়েছে—যা দাবানলের খাদ্য হিসেবে কাজ করছে।

জলবায়ু গবেষক ড্যানিয়েল সোয়েইন বলেন, “এই শুষ্কতা আমাদের জন্য সতর্কবার্তা। এরকম আবহাওয়ায় আগুন ছড়ানো একেবারে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।”

দাবানলের বিস্তার এবং প্রস্তুতির অভাব নিয়ে রাজনৈতিক চাপও বাড়ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, “ট্রাম্পের অবহেলা ও বাজেট কাটছাঁট আজ আমাদের জীবন হুমকির মুখে ফেলেছে।”

নিউসাম জানান, শুধু গত ২৪ ঘণ্টাতেই রাজ্যের বিভিন্ন স্থানে নতুন করে ১৫টি দাবানল শুরু হয়েছে, যা আগামী দিনগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে।

গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, ‘মাদ্রে ফায়ার’ এখনো মূল জনবসতি থেকে কিছুটা দূরে রয়েছে এবং একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ আছে। তবে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এই ধরনের দুর্যোগের সময় রাজ্যবাসীকে প্রস্তুত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগুনের গতিপথ, বাতাসের গতি ও সম্ভাব্য ঝুঁকির বিষয়ে আপডেট দিয়ে চলেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন