মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে ক্যারিয়ারের শেষ অধ্যায়টা কাটাতে আগ্রহী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সালে শেষ হলেও ইতোমধ্যেই চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।
২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। আড়াই বছরের সেই চুক্তি অনুযায়ী ২০২৫ মৌসুমের শেষে এমএলএস ছাড়ার কথা তার। তবে সাম্প্রতিক সময়ে ক্লাবটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মেসি এবং ক্লাব দুই পক্ষই সম্পর্ক দীর্ঘায়িত করতে চায়।
ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস এর আগেও বলেছিলেন, “আমার স্বপ্ন হলো—২০২5 সালের মার্চে আমরা নতুন স্টেডিয়াম উদ্বোধন করব আমাদের ১০ নম্বর জার্সিধারীর হাত ধরে। মেসির সিদ্ধান্তকে আমরা সম্মান করি, তবে তাকে দলে রাখতে আমরা সব কিছু করতে প্রস্তুত।”
মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পায়। ২০২৩ সালে জেতে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড। সেই সঙ্গে এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়ে দলটি।
ফলস্বরূপ, ক্লাবটি প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায়। যদিও প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ৪-০ গোলে হেরে নকআউট পর্বেই বিদায় নিতে হয় তাদের।
ইন্টার মিয়ামির হয়ে এমএলএস-এ ৩৮ ম্যাচে মেসি করেছেন ৩১ গোল ও ২২ অ্যাসিস্ট। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে করেছেন আরও ৭ গোল, জিতেছেন ২০২৪ সালের এমভিপি অ্যাওয়ার্ড।
তবে চুক্তি বিষয়ে মুখ খুলেননি মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চুক্তির বিষয়ে আমি কিছু বলি না। আমরা কেবল পারফরম্যান্স ও ফুটবল নিয়ে কথা বলি।”
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবু ক্লাব ও সমর্থকদের আশা—মেসি মিয়ামিতেই থাকবেন, আর এখান থেকেই ক্যারিয়ারের শেষ বাঁকটা অতিক্রম করবেন।

