বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“বাংলাদেশে এখন জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই” — স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বস্ত বার্তা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই এবং দেশের অভ্যন্তরে জঙ্গিবাদের কোনো অবস্থানও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি মালয়েশিয়া কর্তৃপক্ষের হাতে আটক কিছু বাংলাদেশিকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে আলোচনার সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “মালয়েশিয়া থেকে ফেরত আসা তিনজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, এটাই মূল বিষয়। তাদের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।”

তিনি আরও বলেন, “পুলিশপ্রধান জানিয়েছেন, যাদের নিয়ে অভিযোগ রয়েছে—তারা পাঁচজন বাংলাদেশে ফেরেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সরকারিভাবে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ চলছে।”

মালয়েশিয়ার আইজিপির বক্তব্যে দাবি করা হয়েছিল, গ্রেফতারকৃত বাংলাদেশিরা আইএসের জন্য অর্থ সংগ্রহে জড়িত ছিল। এ বিষয়ে জেনারেল জাহাঙ্গীর বলেন, “সেখানকার আইজিপির বক্তব্য আমি জানি না। আমরা এখনো পর্যন্ত সরকারি কোনো অফিসিয়াল বার্তা পাইনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কেবল একটি প্রেস বিবৃতি পেয়েছি।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। গত ১০ মাসে কোনো গোয়েন্দা তথ্যও পাওয়া যায়নি। আগে আপনারা (সাংবাদিকরা) তথ্য দিতেন, এখন দিচ্ছেন না—কারণ এখন তেমন কিছু ঘটছে না। এই সফলতা আপনাদের সহায়তায়ই এসেছে।”

পরিদর্শনের মূল উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, “কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল। নতুন এক্সপোর্ট টার্মিনালে স্ক্যানিং শেষে বিমান না পেলে মালামাল সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজের ব্যবস্থা রাখা হবে। এ ছাড়াও বর্তমানে ব্যবহৃত কোল্ড স্টোরেজেরও উন্নয়ন পরিকল্পনা চলছে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে দেশের রপ্তানি পণ্য যাতে নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করা।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন