সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মেসির ম্যাজিকাল প্রত্যাবর্তন, মন্ট্রিয়ালকে বিধ্বস্ত করে দুর্দান্ত জয় ইন্টার মিয়ামির

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক ক্লাব ফুটবলে হতাশাজনক পারফরম্যান্সের রেশ কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) দারুণভাবে ফিরেছে ইন্টার মিয়ামি। লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ফ্লোরিডাভিত্তিক দলটি।

প্রায় এক মাস বিরতির পর এমএলএসে ফিরেই এটি মিয়ামির টানা তৃতীয় জয়। এ ম্যাচে মেসির পারফরম্যান্স যেন তার ক্যারিয়ারের সোনালি সময়েরই প্রতিচ্ছবি।

ম্যাচের শুরুটা মোটেই স্বস্তিদায়ক ছিল না মিয়ামির জন্য। মাত্র ২ মিনিটেই প্রিন্স ওউসু গোল করে মন্ট্রিয়ালকে এগিয়ে দেন। মেসির একটি ব্যর্থ পাস কুড়িয়ে নিয়ে ওউসু দূরপাল্লার শটে গোল করেন, যা গোলরক্ষক উস্তারির পায়ের ফাঁক দিয়ে জালে চলে যায়।

এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না মিয়ামি। তবে ৩৩ মিনিটে তাদিও আলেন্দের দুর্দান্ত গোলে সমতা ফেরায় তারা। মেসির পাস থেকেই এই গোল আসে।

৪০ মিনিটে বাঁ দিক থেকে মেসির নিচু বাঁকানো শট জালে জড়ায়। ৬০ মিনিটে সেগোভিয়ার গোল ব্যবধান বাড়ান ৩-১-এ। এরপর ৬২ মিনিটে মেসির পায়ের জাদুতে আসে চতুর্থ গোল—মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত ফিনিশিং।

এই জয়ে চলতি মৌসুমে ১৪ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১২-তে। ব্যালন ডি’অরজয়ী এই তারকার ছন্দে ফেরার বার্তা পেয়েছে এমএলএস, আর উৎসবের উপলক্ষ পেয়েছে মিয়ামি সমর্থকরা।

মন্ট্রিয়ালের হোম গ্রাউন্ডে উপস্থিত ২০ হাজার দর্শকের সামনে মেসির পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছে। প্রতিপক্ষ মাঠে এমন নৈপুণ্যে কেউ কেউ দাঁড়িয়ে করতালিও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ককে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন