বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা–স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন দলটির নাম “আমেরিকা পার্টি”, যা তিনি প্রচলিত দুইদলীয় ব্যবস্থা—রিপাবলিকান ও ডেমোক্রেটদের ‘ব্যর্থতার’ বিকল্প হিসেবে গড়ে তুলতে চান।
শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে মাস্ক এই ঘোষণা দেন। এই খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইলন মাস্ক তার পোস্টে লিখেছেন,
“আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে।”
তবে দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে (FEC) আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয়। দলের কাঠামো, নেতৃত্ব বা নির্বাচনী পরিকল্পনাও এখনো প্রকাশ করা হয়নি।
মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলে মাস্ক প্রশাসন থেকে পদত্যাগ করেন। পরে এক্স-এ চালানো এক জরিপে প্রশ্ন করেন, “যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না?” সেখানে দুই-তৃতীয়াংশ উত্তরদাতা নতুন দলের পক্ষে মত দেন।
সেই জরিপের ভিত্তিতেই মাস্ক বলেন, “জনগণ নতুন রাজনৈতিক দল চায়, এবং তারা সেটা পেতে যাচ্ছে।”
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে মাস্ক আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেন। নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্র সরকারের একটি নতুন বিভাগ Department of Government Efficiency (DoGE)-এর প্রধান হন।
তবে গত মে মাসে তিনি পদত্যাগ করেন এবং ট্রাম্প প্রশাসনের ‘Big Beautiful Bill’ নামে পরিচিত বাজেট ও ট্যাক্স পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। এই বিলের কারণে যুক্তরাষ্ট্রের ঘাটতি আগামী এক দশকে প্রায় ৩ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

