সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর পথে

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ সময় ধরে স্থবিরতা ও পতনের মধ্যে থাকা দেশের শেয়ারবাজারে সম্প্রতি কিছুটা ‍উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীদের লোকসান কাটেনি এখনো। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান অবমূল্যায়িত শেয়ারদর বাজারকে বিনিয়োগের জন্য অনুকূল করে তুলেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, বর্তমানে বাজারের গড় মূল্য-আয় (পিই) অনুপাত ৯ দশমিক ৪১, যা আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ বিনিয়োগ পর্যায়ে পড়ে। বিশ্লেষকদের মতে, পিই অনুপাত ১০-এর নিচে থাকলে সেটি বিনিয়োগযোগ্য হিসেবে ধরা হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিশেষ করে জ্বালানি ও ব্যাংক খাতের শেয়ারদর সবচেয়ে বেশি অবমূল্যায়িত। জ্বালানি খাতের পিই মাত্র ৫.৭৪ এবং ব্যাংক খাতের ৫.৮৫। এছাড়া সেবা, টেক্সটাইল, প্রকৌশল, ওষুধ, আর্থিক, চামড়া ও সিমেন্ট খাতের পিই অনুপাতও ১০-এর নিচে বা কাছাকাছি রয়েছে, যা এই খাতগুলোকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

ডিএসই পরিচালক শাকিল রিজভী বলেন, “বর্তমানে বাজারে অনেক ভালো কোম্পানির শেয়ার দাম অবমূল্যায়িত। বিনিয়োগকারীরা যদি তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেন, তাহলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।”

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তা কেটে যাওয়ায় বাজারে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। সরকারও শেয়ারবাজার নিয়ে কিছু পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতে বাজারকে স্থিতিশীল রাখতে সহায়ক হবে।”

তিনি আরও জানান, এখন সময় এসেছে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার। তবে সবাইকে বাজার বিশ্লেষণ করে ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন