সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তানজিন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

ডেস্ক রিপোর্ট।।

চলচ্চিত্র শিল্পী জায়েদ খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানে তিনি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলার পাশাপাশি মা হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন।

তবে অনুষ্ঠান সম্প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তানজিন তিশাকে ঘিরে নতুন বিতর্ক। নির্মাতা জাওয়াদ নির্ঝর দাবি করেন, তানজিন তিশার একটি পুত্রসন্তান রয়েছে এবং তিনি সেই সন্তানের ছবি প্রকাশও করেন।

শনিবার (৫ জুলাই) ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে নির্ঝর লেখেন, “সেলিব্রিটি হওয়ার পর কেউ কি নিজের সন্তানকেও অস্বীকার করতে পারে?” তিনি দাবি করেন, এসব ছবি তানজিন তিশার মিডিয়ায় আসার আগের সময়কার, এবং সেই সন্তান এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকছে।

এই দাবির কড়া জবাব দিয়েছেন তানজিন তিশা। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টিকে “মিথ্যা ও মনগড়া গুজব” বলে উড়িয়ে দেন।

তিনি লেখেন, “যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি দিয়ে আমাকে নিয়ে বাজে গুজব ছড়াচ্ছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। যদি প্রমাণ করতে পারেন আমি মা হয়েছি, তাহলে ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা) দেব।”

তিশা আরও লেখেন, “যদি প্রমাণ করতে না পারেন, তবে নিজেই নিজের গালে জুতা মারবেন—এটা প্রত্যাশা করি।”

এই চ্যালেঞ্জ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেউ তিশার সরাসরি অবস্থান নেওয়াকে সাহসী বলছেন, আবার কেউ পুরো বিষয়টিকেই শোবিজের আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।

তবে এখন পর্যন্ত জাওয়াদ নির্ঝর কিংবা তিশার পক্ষ থেকে এ নিয়ে আইনি কোনো পদক্ষেপের ঘোষণা আসেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন