সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন প্রণোদনা এবং সুবিধার ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, শহীদ পরিবারের কল্যাণ, সন্তানদের শিক্ষা সহায়তা এবং আহতদের জন্য এককালীন আর্থিক অনুদান ও সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।
শনিবার (৫ জুলাই) রাজধানীতে মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ এসব তথ্য জানান। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে লড়াই করা নারীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের স্বাবলম্বী করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শহীদ ও আহতদের তালিকা প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত তালিকা তৈরির কাজ চলছে। সরকার ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য।”
উপদেষ্টা শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, পুনর্বাসনের জন্য একসঙ্গে কাজ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একছাতার নিচে এক সমন্বিত ‘ওয়ান স্টপ সলিউশন’ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. সায়েদুর রহমান, জুলাই শহীদ তাহির জামানের মা সামসি জামান আরা কলি, জুলাইযোদ্ধা উমামা ফাতেমা ও ফাউন্ডেশনের আহ্বায়ক প্রকৌশলী আবদুল আউয়ালসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

