সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দ্বন্দ্ব কাটিয়ে ফিরছে আরিফিন শুভ-সোহিনীর ‘লহু’

ডেস্ক রিপোর্ট।।

বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘লহু’ অবশেষে আবারও শুটিংয়ে ফিরছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এর প্রযোজনায় নির্মিত এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন ঢালিউড তারকা আরিফিন শুভ এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।

সিরিজটির নির্মাণ শুরু হলেও কিছু প্রশাসনিক জটিলতায় কয়েক মাস আগেই বন্ধ হয়ে যায় শুটিং। মূলত ভারতীয় ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম ভঙ্গের অভিযোগে পরিচালক রাহুল মুখার্জী সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েন।

সব জটিলতা কাটিয়ে অবশেষে ফিরেছে স্বস্তির খবর। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস-এর মধ্যস্থতায় সকল বিরোধ মিটে গেছে বলে জানান নির্মাতা ও প্রযোজকপক্ষ।

পরিচালক রাহুল মুখার্জী বলেন, “স্বরূপদার সহায়তা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব হতো না। তিনি আন্তরিকভাবে পাশে ছিলেন বলেই আমরা আবার কাজে ফিরতে পারছি।”

চরকির ভারতীয় প্রতিনিধি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পক্ষ থেকেও কিছু ভুল হয়েছিল। সেটা স্বরূপদা সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন। এখন আবার নতুন উদ্যমে ‘লহু’র শুটিং শুরু করছি। পাশাপাশি আরও কিছু প্রজেক্টও চলছে পরিকল্পনায়।”

‘লহু’ শুরু থেকেই আলোচনায় রয়েছে তার অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণ পরিকল্পনার কারণে। দুই বাংলার জনপ্রিয় মুখ আরিফিন শুভ ও সোহিনী সরকারকে একসঙ্গে দেখা যাবে এই সিরিজে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

টালিউড-বাংলাদেশ দুই ইন্ডাস্ট্রিতেই সিরিজটি ঘিরে দর্শকের কৌতূহল বাড়ছে। ‘লহু’ যে দুই বাংলার কনটেন্টপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, তা বলাই যায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন