আম উৎপাদনের জন্য খ্যাত নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ১৮ ও ১৯ জুলাই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন, সহযোগিতায় উপজেলা প্রশাসন। স্লোগান—“আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ”।
ফেস্টিভ্যালে থাকবে বিভিন্ন জাতের আমের প্রদর্শনী ও খুচরা বিক্রয়, যেখানে ক্রেতারা বিশেষ ছাড়ে আম কিনতে পারবেন। আয়োজন থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের, যার মাধ্যমে আম দেশ-বিদেশে পাঠানো যাবে।
এছাড়াও থাকবে:
-
আম দিয়ে তৈরি খাবারের স্টল
-
চাষিদের প্রোফাইল এবং অনলাইন সরবরাহকারীদের তথ্য স্টল
-
বাজারজাতকরণ ও রপ্তানি প্রশিক্ষণ সেশন (১০০ অংশগ্রহণকারীর জন্য)
-
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা
দুই দিনব্যাপী উৎসবে আমের রোগবালাই প্রতিরোধ, আধুনিক চাষ পদ্ধতি ও বাজার সম্প্রসারণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার, যেখানে অংশ নেবেন কৃষি ও রপ্তানি খাতের বিশিষ্টজনেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “সাপাহারে যেভাবে আম উৎপাদন হচ্ছে, তা দিয়ে শিল্প খাত গড়ে তোলা সম্ভব। এই উৎসবের মাধ্যমে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
বর্তমানে সাপাহারে রয়েছে ২০ হাজারের বেশি আমচাষি। প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আম উৎপাদিত হয়। গত বছর আমকে ঘিরে এখানে হয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেন। আয়োজকেরা মনে করছেন, এই ফেস্টিভ্যাল সাপাহারের আমকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাবে এবং স্থানীয় অর্থনীতিতে দেবে নতুন গতি।

