বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট।।

বৈরী ভূমিতে পদাতিক অভিযান চালানোর সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর ইসরায়েলি সেনা কৌশল নিয়ে প্রশ্ন উঠছে দেশ-বিদেশে।

কী ঘটেছিল?

আইডিএফ জানিয়েছে, সোমবার রাত ১০টার কিছু পর বেইত হানুন এলাকায় স্থল অভিযানে অংশ নেয় নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সৈন্যরা। হেঁটে অভিযান চালানোর সময় তারা রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বিস্ফোরকের কবলে পড়েন। বিস্ফোরণের পরপরই উদ্ধার প্রচেষ্টায় সেনারা গোলাগুলির মুখেও পড়েন।

নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে আইডিএফ:

  1. স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০)

  2. সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)
    দুজনই জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের অন্তর্গত নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বাকি নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সামরিক বাহিনী দাবি করেছে, অভিযানের আগে এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। তবুও কেন এমন প্রাণঘাতী বোমা ফাঁদ সক্রিয় ছিল—তা নিয়ে প্রশ্ন উঠেছে সামরিক বিশেষজ্ঞদের মাঝে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার কিছু অংশে প্রতিরোধ যোদ্ধারা এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং তাদের কাছে পর্যাপ্ত সময় ও প্রযুক্তি আছে বিস্ফোরক ফাঁদ বসানোর।

নেতজাহ ইয়েহুদা ইউনিট গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছে এবং বর্তমানে তারা ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি সম্মিলিত অভিযানে রয়েছে। এ অভিযানের মূল উদ্দেশ্য—এলাকায় বিদ্যমান স্বাধীনতাকামী যোদ্ধাদের চূড়ান্তভাবে দমন করা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন