সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ উদ্দিন

ডেস্ক রিপোর্ট।।

বিশ্বের অন্যতম সুশৃঙ্খল ও দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে (NYPD) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিন। তার এই কৃতিত্ব শুধু পরিবার নয়, উজ্জ্বল করেছে প্রবাসী বাংলাদেশিদের মুখও।

গত শুক্রবার নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ মারুফসহ অন্যান্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। নতুন পদোন্নতি পাওয়া পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট হয়েছেন মারুফ উদ্দিন ও মোশারফ ভূঁইয়া। এছাড়া এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক বিভাগের বিভিন্ন পদে উন্নীত হয়েছেন।

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম পূর্বমহল্লার সন্তান মারুফ উদ্দিন জন্ম ও বড় হয়েছেন যুক্তরাষ্ট্রেই। প্রবাসী পরিবারে বেড়ে ওঠা মারুফ শুরু থেকেই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার পিতা ছমির উদ্দিন ও মাতা ছয়দুন নেহার দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

মারুফ উদ্দিনের চাচা, নিউইয়র্কপ্রবাসী সমাজকর্মী শামীম আহমদ বলেন, “মারুফের এই অর্জন আমাদের সবাইকে গর্বিত করেছে। এটি শুধু পরিবারের নয়, পুরো কমিউনিটির সম্মান।”

মারুফও তার সাফল্যের পেছনে পরিবারের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, “আমার মা-বাবা, স্ত্রী-সন্তান ও সহকর্মীদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।”

মারুফের এই পদোন্নতিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) অভিনন্দন জানিয়েছে। সংগঠনটি বলেছে, “মারুফ উদ্দিনের এই অর্জন প্রমাণ করে, বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যেও দক্ষতা ও নেতৃত্বগুণ রয়েছে। তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন