সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আমরা আকিদার ব্যাপারে কখনো আপস করব না : ছারছীনার পীর

ডেস্ক রিপোর্ট।।

পিরোজপুরের ছারছীনা দরবার শরীফে ইয়াওমে আশুরা ও মরহুম পীর মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে এক খাছ তালিমী জলসা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

মাওলানা নেছারুদ্দীন আহমাদ হুসাইন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপারে কখনো আপস করব না।” তিনি ইয়াওমে আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, “এই দিনে আমরা নানা মাধ্যমে ইসলামের শিক্ষা ও ইতিহাস স্মরণ করি, যা আমাদের জন্য ধারাবাহিক অনুপ্রেরণা।”

মরহুম পীর মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) কে স্মরণ করে পীর মাওলানা বলেন, “গত বছর এই দিনে আমাদের প্রিয় শায়খ আমাদের ছেড়ে চলে গেছেন। তার আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন হবে সফল ও অর্থপূর্ণ।”

তিনি আরও জানান, মরহুম পীর শরীয়তের ব্যাপারে অতি কঠোর ছিলেন এবং শরীয়তের খেলাফ কোন কাজ তিনি মেনে নিতেন না। “তার শেষ নসিহত ছিল আল্লাহ ও রাসূলের পথে দৃঢ় থাকা এবং সাহাবাদের মত অনুসরণ করা,” যোগ করেন তিনি।

পীর সাহেব অবগত করেন যে, সম্প্রতি আলিয়া মাদ্রাসার সিলেবাসে আওলিয়ায়ে কেরামদের ইতিহাস নিয়ে কিছু ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে। তিনি বলেন, “এসব ষড়যন্ত্র রুখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ছারছীনা দরবার শরীফের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মোমতাজী, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন