বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চাকরিচ্যুতির ৩ বছর পর হাইকোর্টে ন্যায়বিচার পেলেন দুদকের শরীফ উদ্দিন

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রায় তিন বছর পর অবশেষে ন্যায়বিচার পেলেন তিনি। হাইকোর্ট আজ এক ঐতিহাসিক রায়ে তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, বরখাস্তের আদেশটি শুরু থেকেই অবৈধ এবং তা বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও অন্যান্য সকল সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, “আদালতে দাঁড়িয়ে ন্যায়বিচার পেয়েছি। আমার বিরুদ্ধে কোনো কারণ না দেখিয়ে যে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, আজ তার সঠিক বিচার হয়েছে।”

তার আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানান, এ রায় শুধু শরীফ উদ্দিনের জন্য নয়, অন্যায়ভাবে বরখাস্ত হওয়া যেকোনো কর্মীর জন্য একটি দৃষ্টান্ত।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ উদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেখানে বলা হয়েছিল, দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর অধীনে তাকে অপসারণ করা হচ্ছে, তবে কারণ দর্শানো হয়নি।

শরীফ উদ্দিন চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে একাধিক প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেন, যা তাকে বিতর্ক ও হুমকির মুখে ফেলে। এমনকি ২০২৩ সালের জানুয়ারিতে তিনি পরিবারসহ হত্যার হুমকিও পান এবং খুলশী থানায় সাধারণ ডায়েরি করেন।

এই রায়কে মানবাধিকারকর্মীরা ও প্রশাসন বিশ্লেষকেরা একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি সরকারি চাকরিজীবীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নতুন আশার আলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন