রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নির্বিচার গুলির নির্দেশ শেখ হাসিনার–বিচারে প্রভাব ফেলবে বিবিসির অডিও ভেরিফিকেশন

ডেস্ক রিপোর্ট।।

শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও ক্লিপের আন্তর্জাতিক যাচাই (ভেরিফিকেশন) মামলার বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরালো করবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

বুধবার (৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ফরেনসিক বিশ্লেষণে শেখ হাসিনার কণ্ঠ নিশ্চিত হওয়ায় এটি মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

ফাঁস হওয়া অডিওতে মারণাস্ত্র ব্যবহার করে শেখ হাসিনার নির্বিচারে গুলি চালানোর ফোনালাপ নিয়ে বিবিসির ভেরিফিকেশনের বিষয়ে বুধবার (৯ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান।

প্রসিকিউটর গাজী তামিম বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার যে অভিযোগ রয়েছে, তা প্রাথমিকভাবে যাচাই করেছে দেশের তদন্ত সংস্থাগুলো। এর আগে পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম শেখ হাসিনার একাধিক অডিও বিশ্লেষণ করে সত্যতা পেয়েছিল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নতুন এই ফরেনসিক বিশ্লেষণ মামলাকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও জানান, মামলায় শুধু শেখ হাসিনা নন, অভিযুক্ত হিসেবে আছেন আরও দুইজন – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার (১০ জুলাই) অভিযোগ গঠনের আদেশ দেবেন বলে জানা গেছে। অভিযোগ গঠনের অনুমোদন পেলে, ফোনালাপটির আন্তর্জাতিক যাচাই প্রতিবেদন মামলার মূল নথি হিসেবে ব্যবহৃত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন