ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল।
বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং অনুযায়ী, গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নিজেই।
আসিফ নজরুল লিখেন, “বিবিসি আই কর্তৃক যাচাই করা রেকর্ডিংয়ে স্পষ্টভাবে উঠে এসেছে—শেখ হাসিনা তাঁর নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে বলেন। তিনি বলেন, ‘তারা যেখানে পাবে, সেখানেই গুলি করবে।’”
তিনি আরও যোগ করেন, “এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রমাণ যে, গণআন্দোলন দমন করতে সরাসরি প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ এসেছিল তার কাছ থেকেই। দেশের জনগণের ওপর এমন বর্বর আচরণের জন্য বিচার হওয়া অনিবার্য—এবং সেটি বাংলাদেশেই হবে।”
উল্লেখ্য, ফাঁস হওয়া অডিওটি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও পর্যবেক্ষণ করছে। বিবিসি আই তাদের ফরেনসিক বিশ্লেষণে রেকর্ডিংটি যাচাই করে বলেছে, সেটিতে শেখ হাসিনার কণ্ঠই রয়েছে।

