ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত সব প্রস্তুতি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগেভাগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও জোর দিয়েছেন তিনি।
প্রেস সচিব আরও জানান, নির্বাচনের সময় সারাদেশে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করবেন। প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট বাহিনীকে আরও তৎপর ও কঠোর হওয়ার পরামর্শও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ভোটারদের অংশগ্রহণ উৎসাহিত করতে ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন করা যায় কিনা—সেই বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্তে পৌঁছানো হবে।
প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সহাবস্থানের আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী মাসগুলোতে তিনি বিভিন্ন সংলাপে বসবেন বলেও জানান প্রেস সচিব।
নির্বাচনকে ঘিরে আগাম প্রস্তুতি শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী অনিশ্চয়তা কাটিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করার পথ এটি হতে পারে।

