বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“শেখ হাসিনার প্রতি যদি আপনার সহানুভূতি থাকে তাহলে আপনি একজন অমানুষ”-আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার যাত্রাবাড়ীতে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে বহু নাগরিকের প্রাণহানির অভিযোগ নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করেছে বিবিসি। সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “এই ভিডিও দেখার পরও শেখ হাসিনার প্রতি যদি আপনার সমর্থন বা সহানুভূতি থাকে তাহলে বুঝবেন আপনি নিজেও একজন অমানুষ।”

তিনি আরও লেখেন, “ইনশাল্লাহ, এই বর্বর খুনীর উপযুক্ত শাস্তি হবে দুনিয়ায় আর আখিরাতে।”

বিবিসির আই ইনভেস্টিগেশন টিম পরিচালিত ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, যাত্রাবাড়ী এলাকায় পুলিশের ‘নির্বিচার গুলিতে’ অন্তত ৫২ জন নিহত হন। ঘটনাটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতার একটি বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক ও সামাজিক মহলে এই পোস্ট ঘিরে তীব্র আলোচনা চলছে। সরকারের সমর্থকরা এ ধরনের মন্তব্যকে ‘উস্কানিমূলক’ বললেও, অনেকে বলছেন—একজন উপদেষ্টার এমন অবস্থান জনমতকে নাড়িয়ে দিতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট, রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ীতে সংঘটিত হয় এক ভয়াবহ সংঘর্ষ, যেখানে পুলিশের গুলিতে বহু মানুষ নিহত হন বলে অভিযোগ উঠে। তবে নিহতের সঠিক সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিবেদনগুলোতে ভিন্নতা রয়েছে।
বিবিসির অনুসন্ধান অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ৫২ জন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন