বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের রীতি বাতিল

ডেস্ক রিপোর্ট।।

সরকারি দাপ্তরিক ভাষা ও সম্বোধন সংস্কারে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে আর কোনো উচ্চপদস্থ নারী কর্মকর্তাকে ‘স্যার’ বলে সম্বোধনের বাধ্যবাধকতা থাকছে না। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “স্বৈরাচারী আমলে চালু হওয়া নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার প্রথা এখন থেকে বাতিল করা হলো। এটি সাম্যের পরিপন্থী এবং প্রশাসনিক পরিবেশে অনাকাঙ্ক্ষিত শ্রেণি বৈষম্য তৈরি করে।”

একইসঙ্গে বৈঠকে সরকারি প্রটোকল এবং দাপ্তরিক আচরণবিধি পর্যালোচনার জন্য একটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। ওই কমিটি বিদ্যমান প্রটোকল নীতিমালা আধুনিকীকরণ এবং লিঙ্গ-সমতা ভিত্তিক সংস্কারের সুপারিশ দেবে।

শেখ হাসিনার শাসনামলে চালু হওয়া এই রীতি দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে ছিল। অনেকেই এটিকে প্রশাসনিক ‘ভদ্রবেশী লিঙ্গ বৈষম্য’ বলে আখ্যা দিয়েছিলেন। নারী কর্মকর্তা হলেও শুধুমাত্র পদমর্যাদার কারণে তাঁদের ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা হয়—এ নিয়ে অসন্তোষ ছিল প্রশাসনের ভেতরেও।

উল্লেখ্য, নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে নারী কর্মকর্তাদের ‘ম্যাডাম’ বা তাঁদের পছন্দ অনুযায়ী সম্মানজনক সম্বোধন ব্যবহার করা যাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন